২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থী ঝরে পড়া রোধে টাঙ্গাইলের ১৬০ প্রাথমিকে ‘প্লে-গ্রাউন্ড’ করা হচ্ছে

“প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন খেলার-সামগ্রী বসানো হবে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 06:20 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়গুলোয় আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। 

এ উদ্যোগের অংশ হিসেবে ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ১২ উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-গ্রাউন্ড স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শরীফা হক।

মঙ্গলবার সকালে তিনি টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এ সময় খেলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া হাফিজুর রহমান ও নুসরাত আক্তার বলল, “আগে পড়াশোনার বাইরে ফাঁকা মাঠে দৌড়পাড়াই ছিল আমাদের কাজ। এখন স্লিপার, ব্যালেন্সার ও বাসকেটবলসহ বিভিন্ন খেলা-ধুলার সামগ্রী পেয়েছি। এখন আমরা টিফিন পিরিয়ডে ও স্কুলে এসেই বিভিন্ন খেলায় অংশ নিতে পারব। সব মিলিয়ে খুব ভালো লাগছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা খন্দকার বলেন, “শহরের শিক্ষার্থীদের মতো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এতো সচেতন নয়। জেলা প্রশাসনের পক্ষে খেলাধুলার সরঞ্জাম দেয়ায় শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সময় কাটাতে পারবে। 

“খেলার সুযোগ থাকায় নিয়মিত স্কুলে আসতে উৎসাহিত হবে তারা। এতে শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। তারা বলেন, অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত। প্লে-গ্রাউন্ড স্থাপনের ফলে তাদের বিদ্যালয়মুখী হওয়ার আগ্রহ বেড়ে যাবে। তাছাড়া সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে মন খুলে শেখার সুযোগ পাচ্ছে- এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক বলেন, “প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন খেলার-সামগ্রী বসানো হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।

“আমরা আনন্দের সঙ্গে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে পারলে আক্ষরিক অর্থেই তারা আমাদের সম্পদ হয়ে উঠবে। এই শিশুরাই এক সময় এদেশের প্রতিটি সেক্টরে অসাধারণ অবদান রাখবে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে- ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে।“

একইসঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

প্লে-গ্রাউন্ড স্থাপনের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয়রা গণ্যমান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।