নোয়াখালীতে দুই পুলিশ হত্যা: ৩ আসামি গ্রেপ্তার
আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ।
নোয়াখালীর সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলার এসপি মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, বৃহস্পতিবার পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সোনাইমুড়ী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কৌশল্যারবাগ গ্রামের নাহিদুল ইসলাম (১৬), ৩ নম্বর ওয়ার্ডের নাইম হোসেন (২১) ও জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামের ইমাম হোসেন ইমন (২২)।
তাদের কাছ থেকে খুন হওয়া পুলিশ কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার তিনজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জানিয়েছেন এসপি।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে কয়েক হাজার লোক আনন্দ-উল্লাস করতে সোনাইমুড়ী উপজেলা সদরের রাস্তায় নেমে আসেন।
তারা সোনাইমুড়ী বাজার, বাইপাস এলাকা দখলে নিয়ে আনন্দ মিছিল করতে থাকেন। বিকালে মিছিল থেকে একটি দল সোনাইমুড়ী থানার দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
তখন থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন।
এরপর উত্তেজিত জনতা দল বেঁধে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালালে অনেকেই গুলিবিদ্ধ হন।
হামলার এক পর্যায়ে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেন।
হামলায় পুলিশের এসআই মোহাম্মদ বাছির ও কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম নিহত হন। এ ছাড়া থানা থেকে বেশকিছু অস্ত্র-গুলিও লুট হয় বলে পুলিশের দাবি।
ঘটনার ১০ দিন পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করে।
ওই মামলায় নাহিদুল, নাইম ও ইমনকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের দাবি, নাইম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন। ওই ছবির সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে ইমাম হোসেন ইমনকে একই দিন সন্ধ্যায় জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ইমনের দেওয়া তথ্যে একই এলাকা থেকে গ্রেপ্তার হন নাহিদুল।
প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, “ওইদিন কনস্টেবল ইব্রাহিমের দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং টাকাও খোয়া যায়। ফোন দুটি উদ্ধার হয়েছে।
আসামিদের শুক্রবার আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জানিয়ে এসপি বলেন, “পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।”
