২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিএনপির মিছিলে হাতবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আহত ৫

ওসি খন্দকার মহিবুল বলেন, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 01:10 AM

Updated : 10 Sep 2026, 12:32 PM

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিএনপির মিছিলে হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ নেতাকর্মী।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় কাছে মিছিলে পর পর দুটি হাতবোমা বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিবুল। 

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুলসহ ৫জন আহত হয়েছে। তবে কেউই গুরুতর আহত নয়। 

ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব শিবলী সাদিক বলেন, পূর্বঘোষিত কর্মসূচি পালনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিছিলটি আবার দলীয় কার্যালয়ের কাছে পৌছালে দুর্বৃত্তরা মিছিলে ককটেল ছোড়ে। 

এসময় পর পর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটলে বিএনপির ওই দুই নেতাসহ ৫জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

যুবদল নেতা শিবলী সাদিকের অভিযোগ- এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত। এই সন্ত্রাসী হামলা ঘটনার প্রতিবাদে বুধবার যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে। 

ওসি খন্দকার মহিবুল বলেন, তারা ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে।