আনুপাতিক পদ্ধতির নির্বাচন জটিলতা তৈরি করবে: রিজভী
রিজভী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যকলাপের সমালোচনা করে বলেন, “এখানে স্বৈরাচারের ভূত আছে।”
আনুপাতিক পদ্ধতির নির্বাচনের জন্য আমাদের সমাজ এখনো প্রস্তুত নয়; ফলে এটি জটিলতা সৃষ্টি করবে বলে মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আনুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের পক্ষে-বিপক্ষে আলোচনার মধ্যে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার এক অনুষ্ঠানে বিএনপি নেতা একথা বলেন।
রিজভী বলেছেন, “আপনারা যে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, এটার জন্য আমাদের সমাজ এখন প্রস্তুত নয়। এ পদ্ধতি জটিলতা তৈরি করবে। কারো স্বার্থে এ জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন না।”
নেপাল চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে- এমন মন্তব্য করে তিনি বলেন, “একটা নতুন পদ্ধতি তৈরি করতে হলে সমাজ এবং জনগণের আকাঙ্ক্ষার মিল থাকতে হবে। সুশীল সমাজ এটার ওপর বক্তব্য রাখছেন, আর এটার ওপর ভিত্তি করে আপনারা যদি মনে করেন এটা সঠিক, তাহলে নির্বাচন ব্যবস্থা আরো ভেঙে যাবে। এখন এই আনুপাতিক পদ্ধতিটা বুঝতেই চলে যাবে ৫-১০ বছর।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি নেতা আহ্বান জানিয়ে বলেন, “আনুপাতিক হারে নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে, স্বাধীনতাবিরোধীদের মদদ দেওয়া, আপনারা সুপরিকল্পিতভাবে কোনো জটিলতা তৈরি করবেন না।”
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা দল সমর্থন করেছে। এটা গণতন্ত্রকামী মানুষের সমর্থিত সরকার, আপনাদেরকে জনগণের অন্তরের ভাষাটা আগে বুঝতে হবে।”
রুহুল কবির রিজভী রায়পুরার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানের আগে ও পরে তিনি আন্দোলনে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় রুহুল কবির রিজভী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যকলাপের সমালোচনা করে বলেন, “এখানে স্বৈরাচারের ভূত আছে। আমরা আগেও জানিয়েছি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সরকার এটাতে কান দেয়নি। এখানে ১৫ বছরে সব তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী আওয়ামী লীগের, যুবলীগের, শ্রমিকলীগের; তাদের বাছাই করে ঢুকানো হয়েছে।
“তারা নতুন করে ষড়যন্ত্রে মেতে ওঠেছে। একের পর এক বিদ্যু্ৎকেন্দ্র কেন বন্ধ করা হচ্ছে, যারা জড়িত তাদের কেন ধরছেন না?”
‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্যসচিব মনজুর এলাহী, বিএনপির তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল।
