‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ১৩ শিক্ষক-শিক্ষার্থী
“১৯৮৫ সালে যাত্রা শুরু করলেও দীর্ঘ ৪০ বছর পর প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’ চালু করা সম্ভব হয়েছে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো ১০ শিক্ষার্থী ও তিন শিক্ষককে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। একাডেমিক ফলাফল, গবেষণা ও প্রকাশনায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবার চারটি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
২০২৩ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অনুষদভুক্ত ১০টি বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা ‘সেরা শিক্ষার্থী’ ক্যাটাগরিতে পুরস্কার পান।
এ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ষা রানী মণ্ডল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রিফাহ রাফিয়া বারী, অর্থনীতি বিভাগের মোছা. নাফিসা ইয়াসমিন, সমাজকর্ম বিভাগের অন্তরা, সমাজবিজ্ঞান বিভাগের সানজিদা ফারজানা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের রাজিয়া সুলতানা পারুল, লোকপ্রশাসন বিভাগের মমতাজ ফারজানা তিথি, নৃবিজ্ঞান বিভাগের জান্নাতুল মাওয়া, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃষা দাস এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশরাফুল খান ফয়সাল।
শিক্ষকদের মধ্যে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরমান হোসেন ‘সেরা প্রবন্ধ’, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মো. আওয়াল হোসেন মোল্যা ‘সেরা গ্রন্থ’ এবং অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে ‘সেরা গবেষক’ ক্যাটাগরিতে পুরস্কার পান।
এ ছাড়া অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিনদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, “এই পুরস্কার শিক্ষার্থীদের আগামীর পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। অর্জিত জ্ঞান তখনই সার্থক হবে, যখন তা সমাজের কল্যাণে কাজে লাগানো যাবে। সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। এই সম্মাননা চালু হওয়া একটি মাইলফলক। ভবিষ্যতে নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “১৯৮৫ সালে যাত্রা শুরু করলেও দীর্ঘ ৪০ বছর পর প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’ চালু করা সম্ভব হয়েছে। ২০১৪ সালে উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রশাসনের প্রচেষ্টায় আজ তা সম্ভব হয়েছে।”
