সৌদি আরবে দুর্ঘটনায় মৃত্যু, ২০ দিন পর পরিবারের কাছে খবর
ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের আবু তালেব।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিবার বলছে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এই বাসিন্দার দুর্ঘটনার খবর ২০ দিন পর তারা জানতে পেরেছেন।
নিহত ফরিদ সরদার (২৪) উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা আবু তালেব সরদারের ছেলে।
আবু তালেব সরদার বলেন, ২৪ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় তার ছেলে মারা যান। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিষয়টি এতদিন জানা যায়নি।
আড়াই বছর আগে সৌদি আরবে যান ফরিদ। ২৪ মার্চ থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বিকালে সৌদি আরব থেকে ফোনে তার মৃত্যুর খবর পান তারা।
ফরিদের বাবা বলেন, “আমার ছেলে সৌদি আরবে একটি কফি হাউজে শ্রমিক হিসেবে কাজ করত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট ছিল। অনেক আশা নিয়ে তাকে বিদেশে পাঠিয়েছিলাম।”
তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হবে।
