Published : 17 Jul 2026, 09:35 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।
হামলার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। তার বড় ভাই এখনো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
মঙ্গলবার রাতে উপজেলার ফুলজোর নদীর পশ্চিমপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান।
শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান (২০) মারা যান। তিনি রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
আব্দুর রহমান ও তার বড় ভাই হাসান ওই এলাকার ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমান ও হাসানের সঙ্গে স্থানীয় টিটোনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে টিটোন বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।
পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটি হাত কেটে ফেলতে হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
অন্যদিকে তার বড় ভাই হাসান এখনো বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
আব্দুর রহমানের বন্ধু রেজুয়ান হাসান সিফাত বলেন, আব্দুর রহমান শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার পর থেকে টিটোন ও তার পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আব্দুর রহমানের লাশ ঢাকা থেকে বাড়িতে আনার পর শুক্রবার সন্ধ্যায় পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।