২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ: লক্ষ্মীপুরে হাসপাতালে ৭৩ রোগী, শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা

“এ মুহুর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে রোগীগুলো ভর্তি হয়েছে, তারা মোটামুটি আশঙ্কামুক্ত।”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 06:27 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলোতে মোট ৭৩ জন রোগী ভর্তি রয়েছেন। 

এর মধ্যে ১০০ শয্যার সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ৫৮ জন রোগী। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝে, বারান্দা এবং সিঁড়ির পাশেই বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।

বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শহীন বলেন, “সদরসহ পাঁচটি সরকারি হাসপাতালে বুধবার পর্যন্ত প্রায় ৩ মাসে ৪১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। 

“এছাড়া রোগীদের মধ্যে ৩৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ১৯ জন রোগীর হাম শনাক্ত হয়। এছাড়া রামগঞ্জে হামে আক্রান্ত এক শিশু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”

তিনি বলেন, “বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ৭৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সদরে হাসপাতালে ৫৮ জন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, রায়পুরে ৭ জন ও রামগতিতে ২ জন চিকিৎসাধীন আছে। 

“গত ২৪ ঘণ্টায় একজন রোগীরও হাম শনাক্ত হয়নি।” 

অন্যদিকে সদর হাসপাতালটি ১০০ শয্যা হলেও প্রায় ৩০০-৩৫০ রোগী ভর্তি থাকে সবসময়। বর্তমানে অতি সংক্রামক হাম রোগের উপসর্গ নিয়ে ৫৮ জন রোগীই ভর্তি রয়েছে। 

শয্যা সংকটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝে, বারান্দা ও সিঁড়ির পাশে পাতানো বিছানায়।  

চিকিৎসকরা বলছে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। কোনো শিশুর ৫ থেকে ৭ দিন ধরে জ্বর, শরীরে চুলকানি, ঘন ঘন কাশি ও বমিভাব দেখা দিলে দ্রুত কাছের হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। 

হাম রোগে সাধারণত ৪ মাস থেকে ১১ মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হলেও বড় শিশুরাও ঝুঁকির বাইরে নয়। 

লক্ষ্মীপুরে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরু বলেন, “এ মুহুর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে রোগীগুলো ভর্তি হয়েছে, তারা মোটামুটি আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা চলছে।”

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, “সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন নিলে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। টিকাদান কেন্দ্রে টিকার কার্যক্রম চলছে। শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।” 

হাম রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইস্যুলেশন ওয়ার্ড চালু রয়েছে বলে সিভিল সার্জন ডা. আবু হাসান জানান।