আন্দোলনে নিহত রিপন হত্যা মামলার বাদীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
দুপুরে রিপনের স্ত্রী জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সম্মেলনে করে এমন অভিযোগ করেছেন।
ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার রিপন মিয়া হত্যা মামলার বাদীর বিরুদ্ধে নিরীহদের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে করেছেন রিপন মিয়ার স্ত্রী খাদিজা বেগম।
তবে রিপনের স্ত্রীর করা অভিযোগ অস্বীকার করেছেন হত্যা মামলার বাদী আকতার হোসেন।
নিহত রিপন মিয়া পৌরসভার সিমারপাড় গ্রামের প্রায়ত রেজাউল করিমের ছেলে।
সংবাদ সম্মেলনে খাদিজা বেগম বলেন, “রিপন মিয়া ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ৫ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
“স্বামী নিহতের ঘটনায় নিজে বাদী হয়ে মামলা করতে চাইলেও তাকে কিছু না জানিয়েই তার ভাশুর আক্তার হোসেন ২৬ অগাস্ট উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়।”
তিনি বলেন, মামলায় বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান ও হাজী আমানুল্লাহসহ বকশীগঞ্জের ১৩ জনকে আসামি করা হয়েছে।
চাঁদাবাজি করার জন্য আকতার হোসেন মামলার বাদী হয়েছে বলে দাবি খাদিজা বেগমের।
তিনি অভিযোগ করে বলেন, “পুলিশের গুলিতে নিহত রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না থাকলেও মামলায় আসামি করার ভয় দেখিয়ে অন্তত দুই শতাধিক মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছেন আকতার।”
খাদিজা বেগম বলেন, “৫ অগাস্টের আগে আকতার হোসেন পরিবার পরিজন নিয়ে একটি কুঁড়েঘরে থাকতেন। মানুষের কাছে হাত পেতে চলত তার সংসার। কয়েক মাসের ব্যবধানে আকতার হোসেন লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। পাকা বাড়ি করেছেন। ঘরে দামি আসবাবপত্র ও মোটরসাইকেল কিনেছে।
“এ ছাড়া তিনি প্রতিদিন তার ফেইসবুকে একেকজনের ছবি পোস্ট করে ভয়ভীতি দেখান। মূলত সমাজের উচ্চ শ্রেণির মানুষদের টার্গেট করেন আকতার। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দিলে আসামি করার হুমকি দেন।”
রিপনের স্ত্রীর অভিযোগ, “রিপনের নামে সরকারি বেসরকারি অনুদানের কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন আকতার। রিপনের মৃত্যুর এক মাস পরেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গার্মেন্টেসে চাকরি করে জীবনযাপন করছি।”
আকতারের চাঁদাবাজি বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে প্রধান উপদেষ্টাসহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন খাদিজা বেগম।
রিপনের স্ত্রী খাদিজার সব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বাদী আকতার হোসেন।
