মানিকগঞ্জে দুই প্রাইভেট কারের সংঘর্ষে কলেজছাত্র নিহত
মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
মানিকগঞ্জ সদরের দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানিয়েছেন।
নিহত ১৮ বছর বয়সী রিপন হোসেন সাটুরিয়া উপজেলার পারাগ্রাম এলাকার মোশারফ হোসেনের ছেলে এবং সাটুরিয়ার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত কলেজ ছাত্রের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, “রিপন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ‘রাজ হোটেলে’ রাতের খাবার খেয়ে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিল।
“পথে ঢাকা থেকে আরিচাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় আহত ঢাকা থেকে আরিচাগামী প্রাইভেটকারটির চালক মো. শাহীনকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
শাহীন সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ীর আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদ জানিয়েছেন।
