চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে তুলে আছাড় মারার অভিযোগ, ২ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
এ ঘটনায় সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
চাঁপাইনবাবগঞ্জে নয় বছরের এক ছাত্রকে নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষক মো. সাকির আলী ও নাহিদকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি একরামুল হোসাইন।
পুলিশ জানায়, এ ঘটনায় সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
নির্যাতনের শিকার শিশুটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, বুধবার ক্লাস চলাকালে শিক্ষক সাকির আলী শিশুটিকে কাঠের স্কেল দিয়ে মারধর করেন। একপর্যায়ে গলা টিপে ধরেন এবং তুলে মেঝেতে আছাড় মারেন। পরিবারের সদস্যরা মাদ্রাসার সিসিটিভি ভিডিওতে নির্যাতনের বিষয়টি দেখেন।
ওসি একরামুল হোসাইন বলেন, বুধবার রাতেই শিশুটির মামা মামলা করেন। এরপর দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
