২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীকে নিয়ে কটূক্তি, মান্দায় যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 12:36 AM

Updated : 02 Sep 2022, 01:30 PM

নওগাঁর মান্দায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবক জয়দেব কুমার হাজরা (২৮) পেশায় পল্লী চিকিৎসক। তিনি উপজেলার বৈলশিং হিন্দুপাড়া গ্রামের দীপেন্দ্রনাথ হাজরার ছেলে। ঘাটকৈর বাজারে ওষুধের একটি দোকান রয়েছে তার।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, ওই যুবককে ৫৪ ধারায় গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রেপ্তার জয়দেব বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওষুধের দোকানে তার বন্ধু রাতুলের কাছে মহানবীকে (সা.) নিয়ে অশালীন মন্তব্য করেন। তার মুখে এ ধরনের মন্তব্য শুনে রাতুল বিষয়টি তাৎক্ষণিকভাবে বাজারের লোকজনদের অবহিত করেন।

এতে মুসলমান সম্প্রদায়ের লোকজন ক্ষুব্ধ হয়ে জয়দেবকে মারধরের প্রস্তুতি নিলে সাবেক ইউপি সদস্য মাজেদুর রহমান মিঠুর ব্যক্তিগত চেম্বারে নিয়ে তাকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে।

ওসি শাহিনুর বলেন, এ সংবাদ ছড়িয়ে পড়লে ঘাটকৈর বাজারে কয়েকশ লোক জমায়েত হয়ে বিক্ষোভ করে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জয়দেবকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান।