এক হাদিকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদি জন্ম নেবে: সিলেট ডিসি
সিলেটে ওসমান হাদির গায়েবানা জানাজায় এ কথা বলেন তিনি।
একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদি জন্ম নেবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
তিনি বলেন, “যারা মনে করে, এক হাদিকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদি এই দেশে জন্ম নেবে।”
সিলেটে শনিবার দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘জুলাই যোদ্ধা সংসদ’ সিলেট জেলার উদ্যোগে এদিন যোহরের নামাজের পর নগরের বন্দরবাজার এলাকায় কালেক্টরেট মসজিদের সামনে গায়েবানা জানাজায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “আমরা চাই না, হাদির মত আর কোনও নেতা এ রকম ষড়যন্ত্রের শিকার হোক। এ ধরনের ষড়যন্ত্র যাতে আর সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে।
“বহুত হয়েছে, আমরা আর একটিবারও বরদাস্ত করব না। আমরা যেকোনো মূল্যে এটি প্রতিহত করব। সেইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের প্রত্যাশা।”
তিনি বলেন, “আমরা এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়।
“কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। সিলেট সম্প্রীতির শহর। যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে।”
জানাজায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু এবং সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজসহ সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
এ সময় হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি বিশেষ দোয়া করা হয়। জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ছানি হাফিজ নুরুল ইসলাম কামাল।
