২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ওই যুবক অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 05:47 PM

Updated : 26 Aug 2026, 10:57 AM

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। এতে পাঁচজন আহত হন।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে বলে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান।

নিহত ফরিদুল ইসলাম (৩৪) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফিরোজ মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। লাশ ও আহতদের উদ্ধার করি।”

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মানিকগঞ্জে নিজ বাড়ি যাচ্ছিলেন ফরিদুল ইসলাম ও তার কয়েকজন স্বজন। পথে অ্যাম্বুলেন্সটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ফরিদুল  ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

গোলড়া হাইওয়ে থানার ওসি রুপম চন্দ্র দাস বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় মাথায় আঘাত লেগে ফরিদুলের মৃত্যু হয়েছে।”