সাকিবের বাবাকে হত্যা মামলায় আসামি করার দাবি ছাত্রদল নেতার
বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নাছির উদ্দিন এই দাবি করেন।
সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী নিহতের মামলায় গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
তিনি বলেছেন, “আমরা জানতে পেরেছি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হত্যাকাণ্ডের আগে ৪ অগাস্ট মাগুরা শহরে অবৈধ সরকারের এমপি সাকিব আল হাসানের বাবা অস্ত্রশস্ত্রসহ মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অথচ এ হত্যা মামলায় তাকে আসামি না করার ঘটনা রহস্যজনক।
“পুলিশ সুপারকে আমাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছি। একইসঙ্গে রাব্বি হত্যা মামলায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিলকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি।”
বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মীসভায় অংশ নিতে মঙ্গলবার মাগুরায় আসেন নাছির উদ্দিন। তিনি ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
মতবিনিময় সভায় ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় ১০ জন নিহত হলেও সেসব মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নাছির উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “তদন্তে নাম আসলে তাকে এ মামলায় আসামি করা হবে।”
এ ব্যাপারে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিলের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ।
