২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর ছুরি হাতে থানায় যুবক

ঘটনার দুই ঘণ্টা পর রবিউল রক্তমাখা ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করেন বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর ছুরি হাতে থানায় যুবক
বন্দর থানায় আত্মসমর্পণ করা রবিউল হাসান আবির।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক গৃহবধূকে খুনের পর ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক।

রোববার সকালে উপজেলার কুশিয়ারা গ্রামের এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ওসি লিয়াকত আলী।

নিহত নদী আক্তার নীলা (২৫) ওই গ্রামের রাসেল মিয়ার স্ত্রী এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে। 

থানায় আত্মসমর্পণ করা রবিউল হাসান আবির (৪০) কুশিয়ারা গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে। তিনি রাসেল মিয়ার বড় ভাই।

পুলিশ ও স্বজনরা জানান, নীলার স্বামী রাসেল প্রবাসে থাকেন। বিদেশ যাওয়ার আগে রাসেলের মা তার জন্য একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেন; যার জিম্মাদার ছিলেন রবিউল। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করেই রাসেল বিদেশে পাড়ি জমান।

এদিকে টাকা পরিশোধের জন্য ব্যাংকের লোকজন রবিউলকে চাপ দিতে থাকলে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়।

ওসি লিয়াকত আলী বলেন, “সকাল ৭টার দিকে রবিউল তার ছোট ভাইয়ের স্ত্রীকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ওই নারী মারা যান। ঘটনার দুই ঘণ্টা পর ৯টার দিকে রক্তমাখা ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করেন রবিউল।”

পরে তার দেওয়া বর্ণনা অনুযায়ী পুলিশ কুশিয়ারা গ্রামের একটি ঝোপ থেকে নীলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোয় বলে জানান তিনি।

এ ঘটনায় হত্যা মামলার করা হলে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।