Published : 06 May 2026, 09:23 PM
কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক বৃদ্ধা রাতে নিখোঁজের পরদিন সকালে তাকে একটি তেঁতুলগাছের মগডালে পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। অনেকে ঘটনাটি জিনের আছর বলে ফেইসবুকে প্রচার চালান।
বুধবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে তিনি পাশের একটি পুকুরে লাফিয়ে পড়েন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
বুধবার সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক।
উদ্ধার হওয়া সাজেদা বেগম (৬০) ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী।
স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১০টার পর থেকে সাজেদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাভর আশপাশে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে সকালে বাড়ির পাশে একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্বজনরা। সেখানে গাছের মগডালে তাকে শুয়ে এবং বসে থাকাতে দেখা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রম তাৎক্ষণিকভাবে শুরু করতে পারেনি তারা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এনামুল হক বলেন, “ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে বাড়ির পাশে একটি পুকুরের ধারে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখি। কিন্তু তার পরিবারের লোকজনের আপত্তিতে আমরা কাজ করতে পারিনি। তবে হঠাৎ তিনি পুকুরে লাফ দিলে উদ্ধার করা হয়।”

প্রাথমিকভাবে তাকে মানসিক রোগী মনে হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে অধ্যাপক মীর্জা নাসির উদ্দীন বলেন, এ ধরনের ঘটনা আমাদের সমাজে অনেক সময় অলৌকিক বা ‘জিনের আছর’ বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রে এর যৌক্তিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।
এ ধরনের আচরণের প্রধানত দুটি বৈজ্ঞানিক কারণ হতে পারে। প্রথমত স্লিপওয়াকিং (Sleepwalking) বা ঘুমের মধ্যে হাঁটা, চিকিৎসা বিজ্ঞানে একে Sonnambulism বলা হয়। এটি একটি ‘প্যারাসমনিয়া’ (Parasomnia) ডিসঅর্ডার।
দ্বিতীয়ত ডিজোসিয়াটিভ ডিসঅর্ডার (Dissociative Disorder), মনোবিজ্ঞানে অনেক সময় একে Dissociative Identity Disorder বা সহজ ভাষায় ‘হিস্টেরিয়া’ বলা হয়ে থাকে।