২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘চাকরির আশ্বাসে’ এনে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সাতক্ষীরায় গ্রেপ্তার ৩

তরুণীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 01:53 AM

Updated : 26 Aug 2026, 12:23 PM

ভারতে চাকরি দেওয়ার কথা বলে ময়মনসিংহের এক তরুণীকে সাতক্ষীরায় ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- মেহেদি হাসান সবুজ, তার ভাই সাকিব হোসেন ও গোলাম রসুল রাকিব। তাদের বাড়ি কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামে।

মামলার বরাতে কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, গত রোববার থেকে বুধবার পর্যন্ত কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়।

ওই তরুণীকে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সোমা রানি দাস বলেন, তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি অনেক অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ওই তরুণী বলেন, তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। পেশায় তিনি একজন মডেল; পার্লারে কাজের অভিজ্ঞতাও আছে। কয়েক দিন আগে ফেইসবুকে তার সঙ্গে গোলাম রসুলের পরিচয় হয়। কয়েক মাস কোনো কাজ না থাকায় তিনি বাড়িতে বেকার বসে ছিলেন। গোলাম রসুল তাকে ভারতে কাজের ব্যবস্থা করে দেবেন বলে জানান। পরে তার কথায় ২২ মার্চ তিনি কালিগঞ্জ আসেন। 

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল রশিদ মোল্যা বলেন, ওই তরুণী ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

কালিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তাপস ঘোষাল বলেন, অন্য আসামিরা নজরদারিতে আছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।