ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ঢাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোথাও হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।”
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়ের ঢাল থেকে অজ্ঞাত নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আজিমনগর ইউনিয়নের পুলিয়া গাবতলী এলাকার আড়িয়াল খাঁ নদী সংলগ্ন ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম জানান।
পুলিশ জানায়, মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। তার দুই কানে দুল এবং পরনে গোলাপী রংয়ের জামা রয়েছে।
ওসি আব্দুল আলিম বলেন, “লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোথাও হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
