Published : 24 Mar 2026, 04:15 PM
বাগেরহাটের শরণখোলায় রাস্তার ওপর থেকে এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মধ্যে রাজাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান।
ফাতেমা আক্তার ওরফে রিয়া মনি (১৬) উপজেলার খোন্তাকাটা গ্রামের তালুকদার বাড়ির আজিম শেখের মেয়ে। বাবা-মা চট্টগ্রামে চাকরি করায় রিয়া মনি তার নানি হালিমা বেগমের কাছে থাকত।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. শামিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে রিয়া মনি বাড়ি থেকে বের হয়। রাত হলেও সে ফিরে না আসায় নানি খুঁজতে শুরু করেন।
পরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটারের বেশি দূরে রাজাপুর গ্রামের একটি রাস্তায় তার গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে সেখানে গিয়ে ফাতেমার মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
ওসি বলেন, রিয়া মনি স্থানীয় একটি মাদ্রাসায় বেশ কয়েক বছর আগে পড়ালেখা করত। এখন সে পড়ালেখা করছিল না। তার কিছু ছেলে ও মেয়ে বন্ধু রয়েছে তাদের সঙ্গেই সে সারাদিন থাকত।
“কারা কী কারণে তাকে হত্যা করল তা এখনই বলা যাচ্ছে না। বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে আমরা তদন্ত শুরু করেছি।”
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বলা যাচ্ছে না, বলেন ওসি।