২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সূর্যের দেখা নেই দুই দিন, বৃষ্টি অব্যাহত

শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজশাহীতে সূর্যের দেখা নেই দুই দিন, বৃষ্টি অব্যাহত
রাজশাহীতে টানা দুই দিন ধরে থেমে থেমে হওয়া বৃষ্টিতে সড়কে পানি জমেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2025, 04:58 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

রাজশাহীতে দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। দিনভর ঠান্ডা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

শুক্রবার ভোর ৬টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, যা থেমে থেমে অব্যাহত রয়েছে। বেশিরভাগ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও মাঝে মাঝে তা তীব্র হচ্ছে। আগের দিন দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এই আবহাওয়া পরিস্থিতি আরও একদিন থাকতে পারে বলে জানিয়েছেন রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক লতিফা হেলেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যা আরও একদিন স্থায়ী থাকতে পারে।

এর আগে বুধবার রাজশাহীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল; যা মৃদু তাপপ্রবাহের ইঙ্গিত দেয়। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে আবহাওয়ার বড় পরিবর্তন আসে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি কমে যায়।

ওই দিন দুপুর ২টার পর থেকে বৃষ্টি শুরু হয়, তবে তা স্বল্পস্থায়ী ছিল। পরে বেলা ৩টা পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে শুক্রবার সকাল ৬টা থেকে বৃষ্টি শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে স্বাভাবিক তাপমাত্রা কমে গেছে। শুক্রবার ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সবশেষ ১৭ মার্চ রাজশাহীতে বৃষ্টি হয়েছিল; তবে তা রেকর্ড করা সম্ভব হয়নি। সেই সময় তাপমাত্রা কিছুটা কমলেও পরে সূর্যের দেখা মেলায় আবার তাপমাত্রা বেড়ে যায়।