জলাবদ্ধতা: শার্শার দক্ষিণাঞ্চলে বহু জমি পতিত থাকার শঙ্কা
বিলের পানি নিষ্কাশনে নকশাসহ পাউবোর কাছে সুপারিশ করা হলেও সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, বলেন ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা।
যশোরের শার্শার দক্ষিণাঞ্চলের মাখলা, ঠেঙামারী ও গোমর বিল এখনো ১০ ফুট পানির নিচে। ফলে আসছে ইরি-বোর মৌসুমে ওই এলাকার সাড়ে ৫০০ একর জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বছর অতিবৃষ্টির কারণে এলাকার ছোট-বড়-মাঝারি সব বিল তলিয়ে যায়। এখন অগ্রহায়ণ মাস। পানিতে টইটম্বুর উপজেলার অধিকাংশ বিল। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা বিরাজ করছে।
কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের বিষয়টি তারা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন।
তাছাড়া ইরি-বোরো আবাদের এখনো অনেক সময় হাতে আছে। এর মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে গেলে ফসল আবাদে তেমন সমস্যা হবে না।
উপজেলার রুদ্রপুর গ্রামের আজিজুল বলেন, ১৯৭০ সালের পর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত নির্ধারণী ইছামতী নদী তার নাব্য হারিয়ে ফেলেছে। আর সেই থেকেই কপাল পুড়েছে এ অঞ্চলের চাষিদের। বিলের পানি আগের মত আর নামে না। উপরন্তু নদীর উজানের পানি উপজেলার রুদ্রপুর-দাউদখালী খাল দিয়ে মাখলা ও সোনামুখি বিলে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করে।
তিনি বলেন, ৬ মাস ধরে বিল তলিয়ে থাকে পানির নিচে। এ সমস্যা সমাধানের জন্য ৮০’র দশকে রুদ্রপুর-দাউদখালী খালের ওপর তিন ব্যান্ডের একটি স্লুইসগেইট নির্মাণ করা হয়।
কিন্তু এতেও উজানের পানি রোধ করা যায়নি। এরপর ৯০ দশকে ২০ গজ দূরত্বে আরও একটি ৫ ব্যান্ডের স্লুইসগেইট নির্মাণ করা হয়।
স্থানীয়দের দাবি, স্লুইসগেইটের নির্মাণ কাজে ত্রুটি থাকায় আগের মতই উজানের পানি প্রবেশ করে মাঠ ঘাট তলিয়ে যেতে থাকে।
তবে স্লুইসগেইটের ত্রুটি সারাতে পানি কমার অপেক্ষায় আছে জেলা পানি উন্নয়ন বোর্ড-পাউবো।
পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি বলেন, “বিষয়টি জানার পর আমরা খোঁজ নিয়েছি। ওখানে গেইটের কপাটের সমস্যা আছে। তবে এখন পানি বেশি থাকায় সমস্যাটার পুরোপুরি নির্ধারণও করা যাচ্ছে না।“
সর্বশেষ ২০২৩ সালে দাউদখালী খালের প্রবেশ মুখে বাঁধ দিয়ে স্যালো মেশিনের সাহায্যে পানি সেচে ঠেঙামারী বিলে ধান রোপনের ব্যবস্থা করা হয়।
তবে এ বছর পানির চাপ অনেক বেশি থাকায় ও সেচ ব্যয়বহুল হওয়ায় সেটিও সম্ভব হবে না বলে স্থানীয়রা ইরি-বোরো চাষ নিয়ে শঙ্কার মধ্যে আছেন।
রুদ্রপুর গ্রামের চাষি সিরাজুল ইসলাম বলেন, ঠেঙামারী বিলে এখনও ৮ থেকে ১০ ফুট পানি রয়েছে। ফলে সামনের মৌসুমে ধানচাষ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
রুদ্রপুর গ্রামের আরেক কৃষক নায়েব আলী কাজীর ভাষ্য, এই এলাকায় যারা ধান চাষি পরিবার ছিল। আজ তারা অসহায় হয়ে পড়েছে। ঠেঙামারী বিলসহ আশপাশের আওয়ালী বিল ও গোমর বিলসহ বেশ কয়েকটি বিল আষাঢ় মাস থেকেই পানির নিচে ডুবে আছে। ফলে দরুণ রুদ্রপুর, দাউদখালী, ভবানীপুর, কায়বা, পাঁচকায়বা, গাজীর কায়বা, পাড়ের কায়বা ও বাইকোলাসহ কায়বা ইউনিয়নের ৮ গ্রামের হাজার হাজার চাষি চাষাবাদ করতে না পেরে নিঃস্ব হয়ে গেছেন।
দাউদখালী গ্রামের আকবর হোসেন বলেন, “আমাদের পরিবারের সবাই কৃষি কাজের ওপর নির্ভরশীল। লাভ-লোকসান যেটাই হোক, কৃষিকাজ করেই চলতে হয়। এবার হঠাৎ অতি বৃষ্টির কারণে আমাদের সব কিছুই ডুবে যায়। বিলের পানি না সরলে ইরি-বোরো ধানেও আমাদের মার খেতে হবে।”
টেংরা গ্রামের শামীম আহমেদ বলেন, “আমাদের অধিকাংশ জমি মাখলার বিলে। অতিবৃষ্টিতে আমনের স্বপ্ন বৃষ্টির পানির নিচে চাপা পড়ে গেছে। আগাম চিন্তা করছি ইরি ফসল নিয়ে, অনেক স্বপ্নও দেখছি। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিল এখনও পানিতে পরিপূর্ণ।”
বাগআঁচড়া ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, “প্রতিবছর দক্ষিণ শার্শা মাখলার বিলে ৪০০ একর, ঠেঙামারী বিলে ৫০০ একর ও গোমর বিলে ২০০ একর জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়। এবার জলাবদ্ধতার কারণে এসব বিলের অর্ধেক জমি পতিত থাকার আশঙ্কা রয়েছে।
“তবে পানি নিষ্কাসিত হলে অল্প কিছু বাদে সব জমিতেই বোরোর আবাদ সম্ভব হবে।”
আনিছুর আরও বলেন, “পানি নিষ্কাশনের জন্য গোমর বিলের মাঝখান দিয়ে খাল কেটে কলারোয়ার সোনাই নদীতে সংযোগ করতে নকশাসহ পানি উন্নয়ন বোর্ডের কাছে সুপারিশ করেছিলাম। কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।”
বিলের পানি সোনাই নদী দিয়ে ইছামতীতে ফেললেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে মত তার।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমি বিলের মাঠ পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”
সময় মত বিলের পানি নিষ্কাশিত না হলে কত একর জমি অনাবাদী থাকবে, জানতে চাইলে দীপক কুমার বলেন, “এখনি তো বলা সম্ভব হবে না। বোরো ধানের আবাদের সময় তো এখনও আছে।”
