লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৪ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
বিকালে ২০০ থেকে ৩০০ লোক মিছিল করে সেখানে গিয়ে ভাঙচুর চালায়।
৫ অগাস্টের পর লক্ষ্মীপুরে সদরে আওয়ামী লীগের চার নেতার বাড়িঘরে হামলার ঘটনার ছয় মাস পর আবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে ২০০ থেকে ৩০০ লোক শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল করে সেখানে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় অনেকের হাতে হাতুড়ি ও হ্যামার দেখা গেছে।
রাতে এ প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থলে আলাদা আলাদা দলবদ্ধ হয়ে ভাঙচুর চলছিল।
বাড়িগুলো হলো- লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বহুতল ভবন।
এর মধ্যে লোটাসের ভবন ছাড়া অন্য নেতাদের ভবনগুলোতে ৪, ৫, ৬ অগাস্ট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বিকালে ভাঙচুরের ঘটনা দেখতে উৎসুক জনতা বাড়িগুলোর আশপাশে ভিড় করেন। ভাঙচুরের সময় ছাত্র-জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ‘শেখ হাসিনার আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শেখ হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
বাড়ি ভাঙচুরের ঘটনায় চকবাজার থেকে উত্তর স্টেশন সড়ক বন্ধ রয়েছে। এতে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিপরীত সড়কে যানবাহন চলাচল রয়েছে। এ ছাড়া বাড়ি ভাঙচুরের ঘটনায় বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। অবশ্য এর আগেই বাজারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ অগাস্ট জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু নেতাকর্মীদের নিয়ে তার বাসার ছাদ থেকে মিছিলে গুলি করেন বলে অভিযোগ পাওয়া যায়।
গুলি শেষ হয়ে যাওয়ার পর ওইদিন বিকালে ছাত্র-জনতা বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গুলিতে সেই দিন চার শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া তমিজ মার্কেট এলাকায় গণপিটুনি ও আগুনে আরও আটজন মারা যায়।
৫ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিজয় র্যালি থেকে দ্বিতীয়বার টিপুর বাড়িতে আগুন দেয় ছাত্র-জনতা।
