চুয়াডাঙ্গায় সড়কের পাশে পড়ে ছিল লাশ
মানসিক ভারসাম্যহীন আকমল গত ২৩ ডিসেম্বর থেকে তার নিজ এলাকায় নিখোঁজ হন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কে উপজেলার সন্তোষপুর তেল পাম্পের পাশে লাশটি পাওয়া যায় বলে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান।
নিহত আকমল হোসেন (৫৮) ফরিদপুরের মধুখালি থানার চরপাড়া গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
ওসি বলেন, আকমল গত ২৩ ডিসেম্বর থেকে তার নিজ এলাকায় নিখোঁজ হন। তার নিখোঁজের ঘটনায় ফরিদপুরের মধুখালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
“ভোরে ওই সড়কের পাশে আকমলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও মরদেহ উদ্ধার করে।”
জাবীদ বিলেন, বেশ কিছুদিন ধরে আকমল সন্তোষপুর এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন দোকান থেকে তিনি খাবার চেয়ে খেতেন।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিয়মানুযায়ী লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
