১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে সন্ধ্যা নদীতে হঠাৎ ভাঙনে বসতঘরসহ গাছপালা বিলীন

“ভূমিকম্পের আগেই এ ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে সন্ধ্যা নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণেই পরিবারটি নিঃস্ব হয়েছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে একটি বসতঘরসহ জমি ও গাছপালা।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন ওই গ্রামের বাসিন্দা বৃদ্ধ আবু বকর ঘরামী। 

তার ছোট ভাইয়ের জামাতা ওয়াসিম মৃধা বলেন, সন্ধ্যা নদীর তীরে থাকা চাচা শ্বশুর আবু বকরের ঘরসহ প্রায় ৬০ শতাংশ জমি নদীতে বিলীন হয়েছে। ঘরের মালামালসহ বেশ কিছু রেইনট্রি, মেহগনি, সুপারীসহ বিভিন্ন প্রজাতির গাছপালা নদীতে চলে যাওয়ায় অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ওয়াসিম মৃধা বলেন, এই ভাঙনে চাচা শ্বশুর আবু বকর নিঃস্ব হয়ে গেছেন। তিনি বর্তমানে স্ত্রীকে নিয়ে পাশে তার শ্বশুরের ঘরে রয়েছে। তবে সেই ঘরটিও ভাঙনের শংকায় আছে। 

ওয়াসিম আরও বলেন, “বতর্মানে শুকনো মৌসুমে নদীতে ভাঙ্গন নেই। আর ভূমিকম্পের আগেই এ ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে সন্ধ্যা নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণেই পরিবারটি নিঃস্ব হয়েছে।”

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়জিদুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।”