Published : 06 Sep 2026, 11:44 PM
পাবনার সাঁথিয়া উপজেলায় দুধ ঘন ও বেশি দেখাতে জেলিজাতীয় পদার্থ এবং দীর্ঘসময় ভালো রাখতে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর অভিযোগে আড়াই হাজার লিটার দুধ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার উপজেলার নাগডেমড়া এলাকায় জুঁই ডেইরি ফার্মে অভিযান চালিয়ে এসব দুধ জব্দ করা হয় বলে জানান ভোক্তা অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।
অপরাধ স্বীকার করায় জুঁই ডেইরি ফার্মের মালিক মো. মানিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
মাহমুদ হাসান রনি বলেন, দুধে জেলিজাতীয় পদার্থ ও হাইড্রোজেন পার-অক্সাইড মেশানো হচ্ছিল। অভিযানে জেলিজাতীয় পদার্থের দুই ব্যারেল উপাদানও জব্দ করা হয়। পরে আড়াই হাজার লিটার দুধ ঘটনাস্থলেই নষ্ট করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহমুদ আলম ও আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।
মাহমুদ হাসান রনি বলেন, ভেজাল ও নকল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভেজাল পণ্যের সন্ধান পেলে জাতীয় হটলাইন ১৬১২১ নম্বরে জানানোর জন্য ভোক্তাদের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জেলিজাতীয় পদার্থ ও হাইড্রোজেন পার-অক্সাইড মেশানো দুধ শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এতে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ, লিভার ও কিডনির ক্ষতি এবং পুষ্টিহীনতার মতো সমস্যা হতে পারে।