ঝিনাইদহের সাবেক ২ এমপির অন্তর্বর্তী জামিন
“বিচারক তাহজীব আলম সিদ্দিকীকে ২০ দিন এবং নায়েব আলি জোয়ার্দ্দারকে সাত দিনের জন্য জামিন দিয়েছেন।”
অসুস্থতার আবেদনের পরিপ্রেক্ষিতে ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।
রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী ও নায়েব আলি জোয়ার্দ্দারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আদালত ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলি জোয়ার্দ্দারকে দুই মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
“বিচারক তাহজীব আলম সিদ্দিকীকে ২০ দিন এবং নায়েব আলি জোয়ার্দ্দারকে সাত দিনের জন্য জামিন দিয়েছেন।”
মামলার বরাতে জানা যায়, নায়ের আলি জোয়ার্দ্দার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে হামলা এবং জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের দুটি মামলায় আসামি। তাকে ১২ সেপ্টেম্বর রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের বাড়ি থেকে র্যাব গ্রেপ্তার করে। তারপর থেকে তিনি কারাগারে ছিলেন।
তাহজীব আলম সিদ্দিকী ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের তিনটি মামলার আসামি। ৬ অক্টোবর রাতে ঢাকার অদূরে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
৭ অক্টোবর তাহজীব আলম সিদ্দিকীকে ঝিনাইদহের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
