২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, দোকান বন্ধ রেখে বিক্ষোভ

রথখলা এলাকায় দোকান মালিক শুভ্র কর এবং দোকানের কর্মচারীকে মারধর করেন কয়েকজন হকার।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

কিশোরগঞ্জে দোকান মালিকের উপর হকারের হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। 

রোববার সকাল থেকে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। দুপুরে তারা শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। 

এ সময় তারা জেলা প্রশাসক আসলাম মোল্লা এবং পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনের কাছে স্মারকলিপি দেন। 

শনিবার রাতে জেলা শহরের রথখলা এলাকায় দোকান মালিক শুভ্র কর এবং দোকানের কর্মচারী আউয়াল মিয়াকে মারধর করেন ফুটপাতে ব্যবসা করা কয়েকজন হকার। 

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক শহরে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। পরে তারা রোববার দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন। 

এর ফলে রোববার জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার, রথখলা, তেরিপট্টি, পুরান থানা ও বড় বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাত দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে বেশ কিছুদিন ধরেই মূল সড়ক সংলগ্ন দোকান মালিকদের সঙ্গে হকারদের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবারের ঘটনা ঘটে। 

কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান খান মনির বলেন, “ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। অবৈধ হকার বসিয়ে ব্যবসা পরিচালনার জন্য তৈরি করা হয়নি। অবৈধ হকারের দখলে থাকায় ফুটপাত ধরে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ জনসাধারণ চলাচল করতে পারছে না। ছাত্রীদের ইভটিজিংয়ের শিকার হতে হয়।”

হামলায় দায়ীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে জানান মনির।

জেলা প্রশাসক আসলাম মোল্লা বলেন, “ফুটপাতে অবৈধ হকার উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে বিষয়টি তদারকি ও ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করতে পুলিশকে বলা হয়েছে।” 

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঈশাখা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া উপস্থিত ছিলেন।