২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি শিমুলের ভাতিজাকে আদালতে ডিম-মল নিক্ষেপ

মঙ্গলবার নিরাপত্তার মধ্যে কোয়েলকে নাটোরের আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধরা তাকে লক্ষ্য করে ডিম ও মানুষের মল নিক্ষেপ করেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 09:39 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা রাশেদুল ইসলাম কোয়েলকে ১০ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাপক নিরাপত্তার মধ্যে কোয়েলকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধরা তাকে লক্ষ্য করে ডিম ও মানুষের মল নিক্ষেপ করেন।  

অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রওশন আলম আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নাটোর জজ কোর্টের আইনজীবী হাফিজুর রহমান জানান।

তিনি বলেন, রাশেদুল ইসলাম কোয়েলের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তারা রিমান্ড আবেদন করেছেন। পরবর্তীতে রিমান্ড শুনানির কথা আদালত জানিয়েছে।

১১ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে গ্রেপ্তার হন নাটোর সদরের চক বৈদ্যনাথ এলাকার আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম কোয়েল (৩৭)। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে নাটোরে ১০টি মামলায় আসামি করা হয় কোয়েলকে। 

কোয়েলকে আদালতে হাজির করা নিয়ে সকাল থেকেই আদালতপাড়ায় ব্যাপক নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসনের কার্যালয়সহ আদালতের বিভিন্ন স্থানে অবস্থান নেন। তারা কোয়েল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এতে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়।

দুপুর ১২টার দিকে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে নাটোর জেলা যুবদলের সভাপতি এম হাই তালুকদার ডালিম নেতাকর্মীদের নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী কোয়েল, যার হাতে নাটোর শহর রক্তে রঞ্জিত হয়েছে। তাকে কোর্টে নিয়ে আসার কথা শুনেছি, এটা আইনি প্রক্রিয়া, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। 

“১৭ বছর পর ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে দেশের মানুষ আইন ফিরে পেয়েছে। সেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করছি। আমাদের সিনিয়রদের নির্দেশে আমরা কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করছি। এদের নায্যবিচার যেন আইন করে, সেই অপেক্ষায় রয়েছে নাটোরবাসী।” 

দুপুর ১টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের ব্যাপক নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় রাশেদুল ইসলাম কোয়েলকে। গাড়ি থেকে নামিয়ে আদালতে তোলার সময় নিরাপত্তা ভেদ করে ডিম, মানুষের মল ছোড়া হয় কোয়েলের মুখ লক্ষ্য করে। 

এ সময় বিএনপির নেতাকমীরা কোয়েলের ওপর হামলার চেষ্টা করলেও সেনা সদস্যদের বাধায় তা করতে পারেননি। পরে আদালতের সামনে তারা স্লোগান দিতে থাকেন।

আদালতে হাজিরা শেষে কঠোর নিরাপত্তায় কোয়েলকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। 

নাটোর সদর থানার ওসি মো. মাহবুর রহমান বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।”