লালমাইয়ে ৮ বছরেও হয়নি ফায়ার সার্ভিস স্টেশন, ‘বাড়ছে’ অগ্নিঝুঁকি
“ফায়ার সার্ভিসের গাড়ি ঠিক সময়ে আসতে না পারায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।”
কুমিল্লার লালমাইয়ে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামের বাহরাইন প্রবাসী সুজন মিয়ার নতুন বাড়িতে ১১ নভেম্বর সন্ধ্যায় আগুন লাগে। গ্রামের লোকজন পানি ছিটিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয় ঘর ও আসবাবপত্র। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে পরিবারটির দাবি।
প্রবাসের কষ্টার্জিত টাকা এবং এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করার পর সেখানে বসবাস শুরুর আগেই সব শেষ হয়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করে সুজন বলছিলেন, “এক সপ্তাহ পরে মিলাদ ও দোয়া মোনাজাত করে নতুন ঘরে বসবাস শুরু করার কথা ছিল। কিন্তু এর আগেই আগুনে আমার স্বপ্নের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
“ফায়ার সার্ভিসের কর্মীরা যদি এসে আগুন নেভাত, তাহলে হয়ত আমার স্বপ্ন এভাবে পুড়ে ছাই হত না। আমার ১০ লাখ টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পরিমাণ হয়ত আরো কম হত।”
আগুনে এভাবে সব শেষ হয়ে যাওয়ার আরো ঘটনা ঘটেছে লালমাই উপজেলায়। প্রতিষ্ঠার আট বছরেও এ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়নি। ফলে উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের হাটবাজার, দোকানপাট ও শিল্প প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে।
লালমাই উপজেলাবাসীর ভাষ্য, উপজেলা সদর ও প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারগুলোর কোথাও অগ্নিকাণ্ড ঘটলে কুমিল্লা সদর দক্ষিণ অথবা লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনের ওপর ভরসা করতে হয়। এসব উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুনে পুড়ে ছাই হয় সবকিছু। এভাবে প্রতি বছরই আগুনে মানুষের বিপুল সম্পদ পুড়ে নষ্ট হচ্ছে। চলতি মাসেই উপজেলায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; যেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে প্রশ্ন করতেই লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদের কণ্ঠে ফুটল অসহায়ত্ব। তার ভাষ্য, “এ উপজেলায় সংকটের শেষ নেই। সংশ্ষ্টি কর্তৃপক্ষকে ‘একাধিকবার’ চিঠি দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি।”
উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৯ মার্চ প্রশাসনিক পুর্নর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি এবং লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে লালমাই উপজেলা গঠিত হয়।
প্রবাসী সুজন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার আগের দিন অর্থাৎ ১০ নভেম্বর লালমাইয়ের পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামে আগুন লেগে পুড়ে ছাই হয় ছয়টি ঘর। ওই গ্রামের অটোরিকশা চালক নূরে আলম, খোরশেদ আলম ও জসিম উদ্দিনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পাশের লাকসাম উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল রওনা করলেও তারা পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে।
লালমাই উপজেলার নিজস্ব ফায়ার সার্ভিস না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে আটিটি বাজারের ব্যবসায়ী নুর হোসেন বলছিলেন।
তিনি বলেন, “একদিনের ব্যবধানে সম্প্রতি আমাদের পাশের মাতাইকোট ও দোশারীচোঁ গ্রামের দুটি বাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের গাড়ি ‘সঠিক সময়ে আসতে না পারায়’ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।”
সম্প্রতি উপজেলার বাগমারা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ও লাকসাম থেকে ফায়ার সার্ভিসের টিমের ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণে ১৬টি দোকানের সবকিছু পুড়ে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়ে যায়।
বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ইকবাল হোসেন ওরফে কাজল বলেন, “উপজেলা প্রতিষ্ঠার প্রায় আট বছর হতে চললেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত না হওয়ায় আমরা প্রতিনিয়ত ঝুঁকিতে রয়েছি। বিগত সময়ে অগ্নিকাণ্ডে বাগমারা বাজারের অনেক ব্যবসায়ী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশের উপজেলাগুলো থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়।”
লালমাইয়ের ইউএনও এহসান মুরাদ বলেন, “আমি এ উপজেলায় যোগ দেওয়ার পর একাধিকবার চিঠি দিয়েছি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য। কিন্তু এখনও কাজের কাজ কিছুই হয়নি।”
তিনি বলেন, “শুধু ফায়ার সার্ভিস স্টেশনই নয়, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, হাসপাতাল থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ দপ্তর এখনও স্থাপন হয়নি। বাকই উত্তর ইউনিয়নের ভূমি সংক্রান্ত বিষয় ও জন্মনিবন্ধন এখনও লাকসাম উপজেলার মাধ্যমে হচ্ছে। এতে করে বিভিন্ন জটিলতার মধ্যে পড়ছে সাধারণ মানুষ। উপজেলা পরিষদ ভবনের কাজও এখনও শেষ হয়নি।
“সব মিলিয়ে বিভিন্ন সংকটের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে লালমাই উপজেলা। আমরা চেষ্টা করছি, দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসসহ সব দপ্তর এ উপজেলায় স্থাপনের জন্য।”
এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “লালমাই উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জন্য এখনও সরকারের নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চেষ্টা করছি, দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য।”
