২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব, নেত্রকোণায় নাহিদ

শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব, নেত্রকোণায় নাহিদ
নেত্রকোণা শহরের পথসভায় বক্তব্য দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।  

তিনি বলেছেন, “আমরা বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। যেখানে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের নিশ্চয়তা থাকবে।

রোববার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তার বাহিনী যে হত্যা, গুম, লুটপাট, দুর্নীতি চালিয়েছে তার বিচার করতে হবে। তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। দেশব্যাপী সংস্কার ও একটি নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে।”  

তরুণদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে সবার জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য- এমন মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, “আমরা দায়িত্ব গ্রহণ করতে এসেছি। এনসিপি মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে যাবে এবং বাংলাদেশপন্থি রাষ্ট্র গঠন করা হবে।”

এ ছাড়া সভায় বক্তব্য দেন, সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সদস্য ফাহিম রহমান খান পাঠান।