২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদকের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 12:06 AM

Updated : 10 Sep 2026, 12:20 PM

ধর্ষণের অভিযোগ উঠার পর শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হল। 

সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অভিযোগ ওঠা ইমরান হোসেন শিশির কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের বাসিন্দা।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে গাজীপুর জেলা ছাত্রদলের ওই নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে দিনের পর দিন অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ আনেন ২৭ বছর বয়সি এক তরুণী ।

যদিও গত শনিবার রাজেন্দ্রপুর এলাকায় হোটেল এক্সে শনিবার সংবাদ সম্মেলনে এসে তিনি শিশিরের বিরুদ্ধে তোলা তার আগের অভিযোগগুলো ঠিক নয় বলে জানান। 

তিনি আরও বলেন, একটি পক্ষ চাপ সৃষ্টি করে ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে তাকে দিয়ে অভিযোগগুলো করিয়েছে। 

আগে ভাইরাল হওয়া ভিডিওতে ওই তরুণী বলেন, শিশির তাকে বলেছেন, ছাত্রদলে থাকা অবস্থায় বিয়ে করলে তার পদ থাকবে না। তাই কমিটি মেয়াদ শেষ হওয়ার পর বিয়ে করার প্রতিশ্রুতি দেন। 

এ বিষয়ে ইমরান হোসেন শিশির মোবাইল ফোনে বলেন, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলীয় কিছু দুষ্কৃতকারী ওই মেয়েটিকে প্রভাবিত করে চাপ প্রয়োগের মাধ্যমে আমার বিরুদ্ধে ওইসব বলানো হয়েছে।

“তাছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।

পরে মেয়েটি ভুল বুঝতে পেরে নিজেই তার ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার কথা স্বীকার করেছে।”