জয়পুরহাট সীমান্তে ২ যুবক আটক, অস্ত্র-গুলি উদ্ধার
সীমান্ত এলাকা চেঁচড়ায় অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদে ওই দুজনকে আটক করা হয় বলে জানায় র্যাব।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে দুই যুবককে আটক করেছে র্যাব; এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর মোস্তফা জামান।
আটকরা হলেন- উপজেলার ত্রিপুরা গ্রামের হৃদয় আলী (২৬) এবং উত্তর গোপালপুর গ্রামের শাকিল মণ্ডল (২১)।
সীমান্ত এলাকা চেঁচড়ায় অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদে ওই দুজনকে আটক করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছে তিনটি ওয়ান শ্যুটারগান, তিনটি গুলি, একটি চাকু ও বেশ কিছু মদকদ্রব্য পাওয়া গেছে।
র্যাবের দাবি, হৃদয় ও শাকিল দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন অঞ্চলের অপরাধীদের কাছে সরবরাহ করতেন। এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় হৃদয়ের বিরুদ্ধে পাঁচটি ও শাকিলের বিরুদ্ধে চারটি মামলা আছে।
আটকের পর তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র ও মাদক আইনে আরও একটি মামলা হয়েছে বলে জানান র্যাবের ক্যাম্প কমান্ডার মোস্তফা জামান।
