১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, চাড়ালকাটা নদীতে মিলল লাশ

পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 05:18 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চারালকাটা নদী থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিতাই ইউনিয়নের সাইফোন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান। 

নিহত তালেবুর রহমান (৩২) নামে ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। 

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে তালেবুর রহমান বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আব্দুল কুদ্দুস জানান।

তিনি বলেন, “মরদেহের পরনে একটি গামছা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

“পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”