১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

হামলার কোনো ঘটনা ঘটেনি, দাবি করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 12:51 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে সিলেটে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে হামলার অভিযোগ ওঠেছে। 

তবে পুলিশ দাবি করেছে, হামলার কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে বলে এনসিপি সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা হরিপুর বাজার থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটেছে। হরিপুর থেকে গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর সিলেট শহরে প্রবেশ করার আগে হামলাটি হয়। বর্তমানে আমরা সুরমা গেইটে আছি।”

বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছিল। 

এদিকে নিজের ফেইসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “সিলেটে আবারও গাড়িতে হামলা। গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে।”

ফেইসবুকে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির গ্লাস ভাঙা। ভেতরে বসে থাকা ব্যক্তির হাতের আঙ্গুলে রক্ত।

তবে জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “জৈন্তাপুরে কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রোগ্রাম শেষে আমি নিজে জৈন্তা গেইট পর্যন্ত দিয়ে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা ছিল। হামলার ঘটনাটি মিথ্যা।”

হামলার বিষয়ে শাহপরাণ থানার ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এনসিপির গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।”

সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। 

হামলার প্রতিবাদ জানিয়ে নাসীরুদ্দীন বলেন, তারা সমাবেশ করে ফিরছিলেন। তিন থেকে চার মিনিট পর গাড়ি চলন্ত অবস্থায় বিকট শব্দ হয়। পরে তিনি হাতে আঘাতের বিষয়টি অনুভব করেন। প্রথমে ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে গিয়ে তার সঙ্গে যিনি ছিলেন, তার লাগে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, "তারেক রহমানকে বলব, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফফারা দিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি।"

জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে পদযাত্রা করছে এনসিপি। তবে এ কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে পুলিশ বাধা ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার মুখে পড়ার অভিযোগ তুলেছে দলটি।

প্রথম হামলা হয় গেল মঙ্গলবার। সেদিন হবিগঞ্জের টাউন হলের সামনে হামলায় আহত হন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন। 

পরের দিন মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন এনসিপির নেতারা। কিন্তু সেখানে প্রবেশ করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়েন তারা।

বৃহস্পতিবার ও শুক্রবার কর্মসূচি ছিল সিলেটে; সেখানেও হামলা হওয়ার অভিযোগ তুলেছে দলটি।