১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৩ শিক্ষার্থী অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 07:31 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল শিক্ষার্থীদের হাতে ফুলের স্টিক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

তিনি বলেন, “বিদ্যালয়ের ৫৩ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫২ জন বৃত্তি পেয়েছে। একটি প্রতিষ্ঠানের এত সংখ্যক শিক্ষার্থীর একসঙ্গে বৃত্তি পাওয়া বিরল ঘটনা।”

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে  নুরুল ইসলাম বুলবুল বলেন, নিয়ম-শৃঙ্খলা, সঠিক প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান, অভিভাবক আয়েশা জুলেখা ও ফিরোজা খাতুন এবং বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী বক্তব্য দেন।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৫৩ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৫২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

আরও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে এক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা