১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

২০২৩ সালের ৯ অক্টোবর সপ্তম শ্রেণির ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে জানান পিপি।

জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড
জয়পুরহাট আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 06:16 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রিনাত ফেরদৌসী রিনি।

দণ্ড পাওয়া আলম মণ্ডল (৫৬) উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি রিনাত ফেরদৌসী বলেন, উপজেলার একটি গ্রামের ১৩ বছরের এক কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে মেয়েটি নিজ ঘরে পোশাক পরিবর্তন করছিল।

“সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আলম মণ্ডল ঘরে ঢুকে মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে আলম পালিয়ে যান।”

পরে মেয়েটি স্বজনদের ঘটনাটি খুলে বলে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান পিপি।

ঘটনার দুই দিন পর ১১ অক্টোবর মেয়েটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন বলে জানান রিনাত ফেরদৌসী।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।