Published : 06 Jul 2026, 03:54 PM
বরগুনায় চার্জে থাকা অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও তার স্ত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় তাদের মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ফুলঢলুয়া এলাকায় এ র্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন।
নিহতরা হলেন- অটোরিকশা চালক বেল্লাল (৩৫) ও তার স্ত্রী কমলা (২৮)। তাদের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত বেল্লালের প্রতিবেশী ফিরোজা বলেন, “চার্জে থাকা অটোরিকশা আনতে গিয়ে প্রথমে বেল্লাল বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছাড়াতে গিয়ে স্ত্রী ও মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
“খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক বলেন, বেল্লাল ও তার স্ত্রী কমলার মৃত্যু হয়েছে।”
বেল্লালের দুলাভাই মো. কবির বলেন, রোববার রাতে নিজ বাড়িতে অটোরিকশাটি বৈদ্যুতিক চার্জে বসিয়েছিলেন বেল্লাল। সোমবার সকালে চার্জার খুলতে গেলে অসাবধানতাবশত অটোরিকশার বডি বা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
“স্বামীকে ছটফট করতে দেখে তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান স্ত্রী কমলা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন।”
বরগুনা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী বলেন, “সকালে বেল্লাল ও কমলা নামে দুজনকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হয়েছি তাদের মৃত্যু হয়েছে।
“এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা সদর থানা পুলিশকে জানানো হয়েছে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি সাহাদাৎ হাচনাইন জানান।