২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক সেবন ও কারবার থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 09:40 PM

Updated : 22 Jul 2022, 03:58 AM

মঙ্গলবার বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে তিনি বলেন, “টার্গেট একটাই। মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ পরিণত করতে হবে। আমাদের ৬৫ শতাংশ কর্মক্ষম জনতা। এই জনতা দিয়ে সব কিছু মোকাবেলা করা সম্ভব।”

ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল, ইয়াবা আসছে উল্লেখ করে মন্ত্রী জানান, দেশে ৮০ লাখ মানুষ নেশাগ্রস্ত। জেলখানায় ৮২ হাজার মানুষ আছে; তার মধ্যে ৬০ হাজারই মাদক মামলার আসামি।

যারা মাদক কারবার ও মাদক সেবন ছেড়ে ‘সুপথে’ আসবেন তাদের পাশে সরকার থাকবে উল্লেক করে মন্ত্রী বলেন, “সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ফিরে আসার পর আবার যদি ওই পথে যান এবং মাদক না ছাড়েন তাদের পরিণতি কী হবে বলতে পারব না।”

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আগে পারিবারক এবং সামাজিক শাসন ছিল। তাই অতটা প্রভাব পড়েনি মাদকের। আপনার ছেলে-মেয়ে কোথায়, কখন যায়, বাইরে কী করে – তার খোঁজ নিতে হবে।

পুলিশের পক্ষে একা মাদক দমন সম্ভব নয়; জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং পরিবারের লোকদের পুলিশের পাশাপাশি কাজ করার আহ্বান জানান তিনি।

মাদক ও সন্ত্রাস বিরোধী সভা শেষে শাহজাহানপুর উপজেলার হেরোইন কারবারি মিলন, শহরের চেলোপাড়ার ইয়াবা কারবারি রফিকুল, কাহালুর ফেনসিডিল কারবারি অমেদা, নন্দীগ্রামের গাঁজা কারবারি সাবিত্রী, শেরপুরের হেরোইন কারবারি জায়দা বেগমসহ ৬৫ জন মাদক কারবারিকে পুনর্বাসিত করার লক্ষ্যে পুরুষকে ভ্যান ও মহিলাকে সেলাই মেশিন তুলে দেন মন্ত্রী।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ বীর মুক্তিযুদ্ধা হাবিবর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান,  বগুড়া -৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি  মজিবর রহমান মজনু।