পদ্মা সেতুর ওপর সিলিন্ডারবাহী পিকআপ উল্টে নিহত ২
পদ্মা সেতুর ওপর একটি সিলিন্ডারবাহী পিকআপ উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সেতুর ঢাকামুখী লেইনে ১৫ ও ১৬ নম্বর খুঁটির মাঝমাঝি স্থানে রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান।
নিহতরা হলেন রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার (২৩)।
আহতরা হলেন রাজুর স্ত্রী মুক্তা আক্তার (২৫), তার দেড় বছর বয়সী ফাতেমা খন্দকার এবং মো. ওমর ফরুক (৪৭)। তাদের ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সবাই পিকআপের আরোহী ছিলেন।
ওসি আলমগীর হোসেন রাতে বলেন, রাত পৌনে ১০টার দিকে সেতুর ওপর একটি অক্সিজেন সিলিন্ডারবাহী পিকআপটি উল্টে যায়। আহত অবস্থায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পিকআপটি ঢাকার দিকে আসছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “শরীয়তপুর শহরের জননী অক্সিজেনের খালি সিলিন্ডারে গ্যাস ভরে আনার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনের সমন্ধি রাজু খন্দকারের ঢাকায় কাজ থাকায় সপরিবারে সাথে যাচ্ছিলেন। ট্রাকের উপরে থাকা রাজু খন্দকার ও কর্মচারী মো. কাউসার নিহত হন। তবে চালকের সাথে বসা রাজু খন্দকারের স্ত্রী মুক্তা আক্তার ও শিশু কন্যা ফাতেমা খন্দকার বেঁচে গেলেও আহত হন।”
দুর্ঘটনার পর আধা ঘণ্টা সেতুর এক লেইনে যান চলাচল বন্ধ ছিল বলে স্থানীয়রা জানান।
রাত সাড়ে ১১টার দিকে ওসি আলমগীর বলেন, “সেতুর ওপর দিয়ে যান চলাচলে এখন কোনো সমস্যা হচ্ছে না। রাস্তা ক্লিয়ার।”
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান জানান, দুজনের মরদেহ এই হাসপাতালে রয়েছে। আহত তিনজনকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
