খুলনায় বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত
খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদের পানিতে অন্তত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে কয়েক হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে বলে স্থানীয়রা জানান।
দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রশিদা খানম জানান, রোববার ভোরে পানি উন্নয়ন বোর্ডের ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় এই বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে যায়।
‘দীর্ঘদিন ধরে ওই স্থানের বাঁধ ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল জানিয়ে তিনি বলেন, বাঁধ রক্ষায় স্থানীয় মানুষ গত কয়েকদিন স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। শেষ পর্যন্ত তা রক্ষা করা সম্ভব হয়নি। রোববার ভোরে নদীতে ভাটার সময় বাঁধটি ভেঙে যায়।
“পরে দুপুরের জোয়ারে চোরামুখা, ঘড়িলাল ও সরদারপাড়া এই তিনটি গ্রাম প্লাবিত হয়ে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ি ঘের ক্ষতির মুখে পড়েছে।”
দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, বাঁধের ভেঙে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামত করা দরকার।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, “বাঁধটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, চাইলেও দ্রুত মেরামত সম্ভব নয়। নদীতে জোয়ারের তীব্রতা কমলে কাজ করা সম্ভব হবে।”
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
