বগুড়ায় বাসচাপায় বাইক আরোহী নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
এক বাসের ধাক্কায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ার পর আরেক বাস চাপা দিলে এই তরুণ নিহত হন বলে শেরপুর হাইওয়ের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বানিউল আমান জানান।
নিহত সাকিব হাসান (১৯) উপজেলার আড়িয়া ইউনিয়নে জামালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বগুড়া আইআইটিবি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ছিলেন সাকিব।
আহত সানি আহম্মেদ (১৭) ওই মোটরসাইকেলের চালক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে তারা হতাহত হন।
পরিদর্শক বানিউল বলেন, সাকিব ও সানি মোটরসাইকেলে শাজাহানপুর উপজেলার জামালপুর থেকে বি-ব্লক এলাকায় যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে দুজনই মহাসড়কে ছিটকে পড়েন।
“একই সময় ঢাকা থেকে বগুড়াগামী রাজবাড়ি পরিবহনের একটি বাস সাকিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
স্থানীয়রা সানিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল হেফাজতে নিয়েছে পুলিশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পরিদর্শক বানিউল।
