সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ফেনীর তিন পরিবারে বিলাপ-হাহাকার
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন আর বিস্ফোরণে নিহত ও নিখোঁজদের মধ্যে ফেনীর তিনজন রয়েছেন, তাদের পরিবারে এখন শুধুই শোকের মাতম।
তিনজনের মধ্যে কভার্ড ভ্যান চালক ফেনীর ইয়াসিনের সন্ধান মেলেনি এখনও, যিনি আগুন লাগার পর সেই ঘটনা ফেইসবুকে লাইভ করছিলেন। এক পর্যায়ে ডিপোতে বিস্ফোরণ ঘটে। ইয়াসিনের আর খোঁজ পাওয়া যায়নি।
ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী মরদেহ পাওয়া গেলেও এখনও বুঝে পায়নি তার পরিবার। আর কন্টেইনার ডিপোর শিফট ইনচার্জ শাহাদাত মজুমদারের দাফন সম্পন্ন হয়েছে রোববার।
এই তিনজনের মধ্যে দুজন সন্তানের বাবা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পাল্টে গেছে তাদের বাড়ির পরিবেশ, শোকার্ত স্বজনদের প্রবোধ দেওয়া যাচ্ছে না কোনোভাবে। সান্ত্বনা দিতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়ছেন প্রতিবেশীরা।
ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ এখনও বুঝে পায়নি তার পরিবার
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ইউনিটের কর্মী সালাউদ্দিন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মাস্টার আবু ইউসুফের ছেলে। গত এগার বছর ধরে সংসারের হাল ধরে ছিলেন তিনি, সেই সংসারে তিনি রেখে গেলেন বাবা, মা, স্ত্রী এবং চার ও দুই বছরের দুই শিশু সন্তানকে।
শনিবার রাতে সীতাকুণ্ডের ওই ডিপোতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের যে সদস্যরা প্রথমে ছুটে গিয়েছিলেন, ৩৭ বছর বয়সী সালাউদ্দিন তাদের একজন।
তার চাচাতো ভাই আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে শনিবার রাতে পরিবারের সদস্যরা সালাউদ্দিনের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি। রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে সালাউদ্দিনের মরদেহ খুঁজে পান তারা। এখন তারা লাশ বুঝে পাওয়ার অপেক্ষায়।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ সালাউদ্দিনের মা রোশনা আরা বেগম, বারবার সংজ্ঞা হারাচ্ছেন স্ত্রী। বাড়িতে ভিড় করা স্বজনদের মধ্যে কান্নার রোল পড়েছে, সান্ত্বনা জানাতে ছুটে এসেছেন আত্মীয় প্রতিবেশীরা।
সালাউদ্দিনের বাবা আবু ইউসুফ বলেন, প্রায় ১১ বছর আগে তার ছেলে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন। ছেলের আয়েই সংসার চলছিল। ছেলের এমন পরিণতি এখনও যেন বিশ্বাস হচ্ছে না তার।
কভার্ডভ্যান চালক মোহাম্মদ ইয়াসিন ফেইসবুকে লাইভ করছিলেন সীতাকুণ্ডের আগুন, বিস্ফোরণের পর তার আর খোঁজ নেই।
রোববার রাতে ইয়াসিনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা কোকিলা আক্তার ছেলের নাম করে ডুকরে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন চার বোনও।
চাচাতো ভাই মোহাম্মদ নাহিদ জানান, ডিপোতে আগুন লাগর পর ইয়াসিনই বাড়িতে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। কথা শেষ করে ফেইসবুক লাইভে অগ্নিকাণ্ডের ভিডিও দেখান সবাইকে। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে তার লাইভ বন্ধ হয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাহিদ বলেন, ইয়াসিনের বাবা খোকা মিয়াসহ স্বজনরা কন্টেইনার ডিপো এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে এবং মর্গে ছেলেকে খুঁজে চলেছেন। এখনও তারা হাসপাতালেই আছেন।
কেউ ইয়াসিনের খোঁজ পেলে ০১৮৮৩২৬৯৭৮৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন নাহিদ।
কান্না জড়িত কণ্ঠে ছেলের ছবি দেখিয়ে মা কোকিলা আক্তার সবাইকে বলছিলেন, ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল শুক্রবার রাতে। শনিবার বোনদের সাথে আগুনের বিষয়ে ইয়াসিনের কথা হলেও ঘুমিয়ে পড়ায় তার সঙ্গে আর কথা হয়নি। যে কোনো উপায়ে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছিলেন তিনি বারবার।
ফেনীর শাহদাত মজুমদার ছিলেন বিএম কন্টেইনার ডিপোর শিফট ইনচার্জ
এরপর মরদেহ বাড়িতে এনে রাত সোয়া ১২ দিকে জানাজা হয়। উত্তর আনন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আড়াই মাসের এক সন্তানের বাবা শাহাদাত ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। স্বামীর শোকে স্ত্রী আয়েশার বিলাপে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। ছেলের মৃত্যুতে মা-বাবাও শোকে স্তব্ধ।
শাহাদাতের মা শাহানা আক্তার জানান, ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক পাস করে বিএম কন্টেইনার ডিপোতে চাকরি পেয়েছিলেন শাহাদাত। গত বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে এসে শনিবার সকালে আবার কাজে ফিরে গিয়েছিলেন।
ডিউটি শেষ করে শনিবার রাতে সীতাকুণ্ডের বাসাতেও ফিরেছিলেন শাহাদাত। কিন্তু আগুন লাগার খবর পেয়ে আবার ফিরতে হয় ডিপোতে।
মা জানালেন, সে সময় শাহাদাতের সঙ্গে মোবাইলে কথা বলতে গিয়ে বিস্ফোরণের শব্দও পেয়েছেন তারা। এক পর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, চিরতরে।
