চাঁদপুরে কালভার্ট নির্মাণে বাঁধ, পানি না পেয়ে ধানক্ষেত চৌচির
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কালভার্ট নির্মাণের জন্য বাঁধ দেওয়ার কারণে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে বোরো ধানের ক্ষেত চৌচির হয়ে যাচ্ছে।
উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের রূপসা, বদরপুর, ভাটেরহৃদ, গাব্দের গাঁও ও রুস্তুমপুর এবং ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া এলাকায় কয়েক হাজার একর ধানের জমি পানির অভাবে পড়েছে বলে কৃষকরা জানিয়েছেন।
বাধ্য হয়ে সোমবার রূপসা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের প্রায় ৫০ জন কৃষক এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
চরমুঘুয়া এলাকার ভুক্তভোগী কৃষক জুয়েল হোসেন বলেন, বারপাইকা মিজি বাড়ি সংলগ্ন ইরিগেশন খালে দুইটি কালভার্ট নির্মাণ কাজ চলমান থাকার কারণে খালে বাঁধ দিয়ে পানি বন্ধ রাখা হয়েছে। এ কারণে তারা কৃষি জমিতে পানি পাচ্ছেন না। জমি পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে।
পূর্ব বদরপুর গ্রামের কৃষক মোশারফ হোসেন পাটওয়ারী ও মো. তরুণ বলেন, পানির অভাবে জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে দ্রুত পানি সরবরাহ খুব প্রয়োজন। তা নাহলে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হবেন।
বদরপুর গ্রামের মাকসুদা বেগম বলেন, “এই ফসলের ওপর আমার পরিবার নির্ভরশীল। পানি সংকটে জমির ফলন নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছি। এবার জমির ফসল না হলে পরিবার নিয়ে বেশ সমস্যায় পড়তে হবে। আমরা এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি।”
১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার আলম কামরুল বলেন, “কৃষকদের ফোন পেয়ে আমি ঘটনার স্থলে গিয়ে সঙ্গে সঙ্গে ১০০ ফুট পাইপ দিয়ে পানির ব্যবস্থা করলেও কোনো কাজে আসছে না।“
পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল বলেন, “উপজেলা কৃষি কার্যালয় থেকে চিঠি পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করব।”
কৃষি প্রকৌশল বিভাগের ফরিদগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউনুর রহমান বলেন, আমি সবার সঙ্গে কথা বলে কৃষকদের সুবিধার্থে ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি হরি বলেন, “কৃষকরা আমার কাছে এসেছিল। আমি উভয় পক্ষের সঙ্গে আলাপ করে সমাধানের চেষ্টা করব।”
চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস বলেন, “কৃষকদের পানি সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত ভুক্তভোগী কৃষকদের ফসলি জমিতে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।”
