‘অনুকূল’ আবহাওয়ায় আশা জাগাচ্ছে আমের মুকুল
রাজশাহীতে এবার আবহাওয়া ‘অনুকূলে’ থাকায় গাছে আমের মুকুল ও গুটি যেমন বেশি, তেমনি চাষও হয়েছে বেশি জায়গাজুড়ে; ফলে উৎপাদনেও রেকর্ড ছাড়ানোর আশা করছে কৃষি বিভাগ।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলীম বলেন, চলতি মৌসুমে আমের জন্য আবহাওয়া বেশ অনুকূলে রয়েছে। গত বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টি হওয়ায় মাটি পর্যাপ্ত পানি পেয়েছে।
“আবার অনেক কৃষক সবজি চাষের পাশাপাশি জমিতে আম গাছ লাগিয়েছেন। এতে গাছ পর্যাপ্ত পুষ্টি পেয়েছে। এসব কারণে এবার মুকুলও বেশি দেখা যাচ্ছে।”
আলীম বলেন, চলতি ২০২১-২২ মৌসুমে রাজশাহী জেলায় ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১৫ দশমিক ৫৮ মেট্রিক টন।
গতবারের চেয়ে জেলায় এবার ৫৭২ হেক্টর জমিতে আম চাষ বেশি হওয়ায় উৎপাদন অন্য যেকোনো সময়ের রেকর্ড ভাঙবে বলে তার আশা।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ২০১৯-২০ মৌসুমে রাজশাহীতে আমের চাষ হয়েছিল ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে ১১ দশমিক ৯৬ মেট্রিক টন। মোট উৎপাদন হয়েছে প্রায় এক লাখ ৭৯ হাজার ৫৪০ দশমিক ৫৩ মেট্রিক টন আম, যার বিক্রয় মূল্য ছিল প্রায় ৭১ কোটি ৮১ লাখ ৬২ হাজার ১২০ টাকা।
আর ২০২০-২১ মৌসুমে জেলায় মোট আবাদ হয় ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে ১২ দশমিক ১০১ মেট্রিক টন। সম্ভাব্য মোট উৎপাদন হয়েছে দুই লাখ ১৭ হাজার ১২৮ দশমিক ২৪ মেট্রিক টন আম। রাজশাহী জেলাজুড়ে আম বিক্রি হয়েছে প্রায় ৮৬ কোটি ৮৫ লাখ ১২ হাজার টাকার।
গত বছরের তুলনায় রাজশাহীতে এবার ৫৭২ হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আমের ফলন ভালো হওয়ার আশা চাষিদেরও।
মজিদ বলেন, গাছে মুকুল থাকাকালে কয়েকবার বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি হলেই চিন্তা নাই। আর বৃষ্টি না হলে ওষুধ মেশানো পানি গাছের মুকুলে স্প্রে করতে হবে যাতে মুকুল ঝরে না পড়ে।
রাজশাহীর কাটাখালীর হাজরা পুকুর এলাকার বাসিন্দা কোয়েল মল্লিক বলেন, অন্য ফসলের চেয়ে আম গাছে পরিচর্যা কম করতে হয়। আবার খরচও কম। এ কারণে আমার দুই বিঘা জমিতে গতবার আম গাছ লাগিয়েছি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ হিল কাফী বলেন, এবার সন্ধ্যা নামতেই হালকা শীত অনুভূত হচ্ছে। সকালেও বেশ ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। রাতে কিছুটা কুয়াশা পড়ছে।
“আবার গেল বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত আমচাষিদের জন্য আশীর্বাদস্বরূপ হয়েছে। সবমিলিয়ে এবার আমের জন্য সম্ভাবনাময় সময় বলে মনে হচ্ছে।”
গতবারও আমের ফলন খুব ভালো থাকলেও সেই তুলনায় চাষিরা দাম পাননি জানিয়ে কাফী বলেন, “কোভিড ও লকডাউন ছিল। এবার এমন কিছু নেই। উপরন্তু এবার সামনে ঈদ। ঈদ শেষেই পাওয়া যাবে গাছপাকা আম। আর তাই সবদিক থেকেই এবার আমচাষিরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।”
