খুলনায় হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা
খুলনা নগরীতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন; যিনি আরেকটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাত ৮টার দিকে নগরের রায়েরমহল হামিদনগর স্লুইস গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু শেখ (৪০) রায়েরমহল হামিদনগর স্লুইস গেইট এলাকার তোরাপ শেখের ছেলে।
পুলিশ বলছে, রাজু নগরের সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। দুই মাস আগে তিনি ওই মামলায় জামিনে মুক্তি পান।
প্রতীকী ছবি
খুলনা নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, ঘটনার পর আসামিদের আটকে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূইঞা বলেন, “একটি হত্যা মামলার আসামি ছিল রাজু। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে তাকে গুলি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী তা জানার চেষ্টা করছে।”
মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন হত্যা মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৪ জুন ইফতারের পর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ সাত-আটজন নগরের রায়েরমহল এলাকার হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কথা বলছিলেন।
এ সময় ৮ থেকে ১০ জন লোক তাকে লক্ষ্য করে গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এ সময় গুলিতে আহত হন আরও অন্তত চারজন।
ঘটনার পর ১০ জুন নিহতের ছেলে আল মামুন বাদী হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন। ওই মামলায় রাজু শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
