২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে তরুণীকে ‘যৌনপল্লীতে বিক্রির চেষ্টা’, গ্রেপ্তার ১

রাজবাড়ীর দৌলতদিয়ায় ‘যৌনপল্লীতে বিক্রির চেষ্টার সময়’ এক তরুণীকে উদ্ধার ও এক পাচারকারীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 11:10 AM

Updated : 28 Apr 2022, 11:43 PM

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় যৌন পল্লীর প্রধানগেট ২০ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করেন তারা।

এ ঘটনায় বুধবার মেয়েটি বাদি হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনায় গ্রেপ্তার রফিক সরদার (৩৪) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীর পাড়া গ্রামের উম্বার সরদারের ছেলে।

ওসি জানান, ওই তরুণীর বাড়ি মাগুরা জেলায়। তার নানা গরু কেনা-বেচার ব্যবসা করেন। ব্যবসার কারণে রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া বাস্তপুর গ্রামের বাসিন্দা মজিবর কসাই (৫০) নামের এক ব্যক্তির সঙ্গে মেয়েটির নানার পরিচয় হয়। মজিবর প্রায়ই মেয়েটির নানা বাড়িতে যাতায়াত করত এবং এক পর্যাযে মেয়েটির সঙ্গেও তার সখ্যতা তৈরি হয়।

একদিন মজিবর মেয়েটিকে ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তার নানাকে। এ প্রস্তাবে মেয়েটি ও তার নানা রাজি হয়ে যায়। এরপর ২০ ফেব্রুয়ারি মেয়েটি নানার সঙ্গে টাঙ্গাইলে খালার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়।

এ সময় খবর পেয়ে মজিবর সেখানে গিয়ে রফিকের সঙ্গে মেয়েটির নানাকে পরিচয় করিয়ে দিয়ে বলেন যে, রফিকই তার নাতনিকে ভাল চাকরি দিয়ে দিবেন।

এরপর মেয়েটি তারা খালার বাড়িতে চলে যায় জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এর দুইদিন পর ২২ ফেব্রুয়ারি রফিক মেয়েটির নানাকে ফোনে জানায় যে, নাততির ভাল চাকরির ব্যবস্থা হয়েছে। তারা যেন দ্রুত দৌলতদিয়ায় চলে আসে। পরে ওই দিনই বিকালে দৌলতদিয়ায় চলে আসেন তারা।

দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পর মেয়েটিকে রেখে তার নানা পাশের দোকানে যায়। এ সময় রফিক মেয়েটিকে দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গেটে নিয়ে যায়। এ সময় সে নানাকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে রফিক তাকে জোর করে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে।”

পরে মেয়েটি চিৎকার করতে শুরু করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে থানায় খবর দেয় বলে জানান ওসি।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ওই তরুণীকে উদ্ধার ও রফিককে গ্রেপ্তার করে। তবে এ সময় মজিবর পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছেন তারা।