চরভদ্রাসনে সাবেক চেয়ারম্যানের ভাইয়ের মরদেহ নিজ ঘরে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ভাইয়ের মরদেহ পাওয়া গেছে নিজ ঘরে, যাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্বজনের ভাষ্য।
গাজিরটেক ইউনিয়নের তেলিডাঙ্গী গ্রামে নিজ বাড়ি থেকে বুধবার দুপুরে আতিউর রহমানের (৫৫) মরদেহ উদ্ধার করা হয় বলে জানান চরভদ্রাসন থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।
আতাউর সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ভিপি মুসার বড় ভাই এবং শেখ হোসেনের ছেলে। তিনি স্থানীয় বাজারে ইস্পাতের ব্যবসা করতেন।
তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ধারণা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা শেখ মোয়াজ্জেম হোসেন (৫৫) জানান, প্রতিদিনের মতো তিনি আতিউর রহমানের বাড়ি সংলগ্ন শশ্য ক্ষেত দেখতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আতিউরের ঘরের দরজা-জানালা বন্ধ ও বাইরে আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে জানালার টিন সরিয়ে খাটের উপর তাকে পড়ে থাকতে দেখেন।
”পরে প্রতিবেশী রঞ্জিত ব্যাপরি নামে এক যুবককে দোতলা ভবনের ছাদ দিয়ে ভেতরে পাঠাই; তারপর সে নিচতলায় গিয়ে বিছানার উপর চাদরে ঢাকা আতাহারের নিথর দেহ থাকতে দেখতে পায়,” বলেন মোয়াজ্জেম।
এ ঘটনায় গাজিরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, “নিহত আতিউরের মাথায় গভীর আঘাত রয়েছে, সেখান দিয়ে রক্ত ঝড়ছিল। আমাকে জানালে আমি থানার ওসি সাহেবকে জানাই।”
পরিবারের লোকজন বেড়াতে যাওয়ায় বাড়িতে তিনি একা ছিলেন বলে জানান চেয়ারম্যান ইয়াকুব।
কয়েকদিন আগে ছেলে শিহাব ও মেয়ে জান্নাতুল তাসমিমকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান নিহতের স্ত্রী মোছা. শিপন। বুধবার সকালে স্বামীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরেন তিনি।
মোছা. শিপন সাংবাদিকদের বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। গত রাতে বাড়িতে তিনি একা ছিলেন।
ডিবি পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে জানিয়ে ওসি জিয়ারুল বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ঘটনাস্থল পরিদর্শন করেছেন; আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে, বলেন ওসি।
