চাঁদপুরে নিয়ন্ত্রণহীন গাড়ি পুকুরে, চালকসহ নিহত ৫
চাঁদপুরের শাহরাস্তিতে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে, যারা কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন।
বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে শাহরাস্তি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া জানান।
নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরাণ তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে নয়ন (২৪) এবং গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪)।
স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, “একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লা গিয়েছিলেন তারা। সেখান থেকে চাটখিলে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।”
পাশের পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলমও দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। তিনি বলেন, গাড়িটি পানিতে পড়ার পর ভেতরের কেউ বের হতে পারেননি। গাড়ির কাচ ভেঙে যখন তাদের বের করা হয়, তখন কারও আর প্রাণ ছিল না।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. শাহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমাদের একটি ইউনিট তখনই ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবদুল মান্নান।
