পিটারসেনকে পেয়ে স্পিনে দক্ষতা বাড়াচ্ছেন ব্রুকরা
বিশেষজ্ঞ মেন্টর হিসেবে দলে যোগ দেওয়ার পর ইংলিশ ব্যাটসম্যানদের স্পিন লেখার উন্নতিতে নিবিড়ভাবে কাজ করছেন কেভিন পিটারসেন।
স্পোর্টস ডেস্ক, মাত্রই কদিন হলো ইংল্যান্ডের সাদা বলের দলের বিশেষজ্ঞ মেন্টর হিসেবে কাজ শুরু করেছেন কেভিন পিটারসেন। এর মধ্যেই তিনি দলে ইতিবাচক প্রভাব রাখতে শুরু করেছেন বলে জানালে হ্যারি ব্রুক। ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক বললেন, ব্যাটসম্যানদের স্পিন লেখার উন্নতিতে নিবিড়ভাবে কাজ করছেন সাবেক অধিনায়ক।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন ভূমিকা শুরু হয়েছে পিটারসেনের। এই সিরিজে লঙ্কানদের ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে ব্রুকের দল।
এই দলের অনেকেই পিটারসেনকে আদর্শ মেনে বড় হয়েছেন। নিজেদের নায়ককে এখন পাশে পেয়ে গোটা দল কতটা রোমাঞ্চিত, তা ফুটে উঠল ব্রুকের কণ্ঠে।
“কেপি (পিটারসেন) খুব ভালো করছেন। এই ভূমিকা তিনি উপভোগ করছেন, বেশ আনন্দেই আছেন...। আমাদের অনেকের বেড়ে ওঠার সময়ে নায়ক তিনি, তাই তার মতো একজন গুণী ব্যক্তিকে আমাদের দলে পাওয়াটা দারুণ ব্যাপার।
ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন পিটারসেন খেলোয়াড়ি জীবনে পেস-স্পিন দুটির বিপক্ষেই ছিলেন দক্ষ। ক্যারিয়ারের একটি পর্যায়ে অবশ্য বাঁহাতি স্পিনের বিপক্ষে কিছুটা ধুঁকছিলেন। তবে পরে সেই দুর্বলতা কাটিয়ে ওঠেন তিনি। স্পিন সামলানো ও পাল্টা আক্রমণের স্কিলে তাকে মনে করা হতো সেরাদের একজন।
এখন তিনি উত্তরসূরীদের পোক্ত করে তুলছেন স্পিন সামলানোয়, সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন অধিনায়ক ব্রুক।
(এখনও পর্যন্ত কাজের) বেশির ভাগটুকু ছিল স্পিনের লেংথ বোঝা নিযে। স্পিন মোকাবেলা করার জন্য এবং যথাসম্ভব ভালোভাবে স্ট্রাইক রোটেট করার জন্য এটাই মূল চাবিকাঠি। দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে এই জায়গায় আমাদের সম্ভবত উন্নতি করতে হবে। ক্রিকেট ম্যাচ জেতার ক্ষেত্রে এটি বিশাল পার্থক্য গড়ে দিতে পারে।”
তিনি (পিটারসেন) স্পিনের বিপক্ষে একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন, (জো) রুট এবং (মার্কাস) ট্রেসকোথিকের পাশাপাশি। তারা স্পিন খেলার ক্ষেত্রে খুব ভালো ছিলেন, তাই তাদের কাছ থেকে কৌশল শেখা এবং তাদের ক্ষেতের কোন ব্যাপারগুলি কাজ করেছিল, তা জিজ্ঞাসা করে নিজের খেলায় তা প্রয়োগ করাই মূল বিষয়।”
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড ৩-০ ব্যবধা জিতেছে তো বটেই, কোনো ম্যাচে লঙ্কানদের তারা স্রেফ পাত্তাই দেয়নি। আগ্রাসী ক্রিকেট খেলে ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিতেছে তারা প্রতিটি ম্যাচ। মঙ্গলবার থেকে শুরু ওয়ানডে সিরিজেও সেই ধারা ধরে রাখতে চান ব্রুক।
“টি-টোয়েন্টিতে অপরাজিত থাকায় আমরা এই সিরিজেও অনেক আত্মবিশ্বাস বয়ে আনতে পারি। ওয়ানডে সিরিজে আমরা একই ধারা বজায় রাখতে চাই। আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে এবং ব্যাট ও বল হাতে তাদেরকে চাপে ফেলতে চাই আমরা।
বিশ্বের সবচেয়ে ফিট দলগুলোর একটি হতে চাই আমরা। তা করতে হলে আমাদের মাঠের ভেতরে ও বাইরে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা সঠিক দিকেই এগোচ্ছি। টুকটাক কিছু ছোটখাটো বিষয় আছে, যেখানে আমরা উন্নত করতে পারি।”
